সিরিয়ার হমস থেকে সরে যাচ্ছে বিদ্রোহীরা

আপডেট : ০৩ মে ২০১৪, ২১:৩৭
সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সিরিয়ার হমস শহরের আশপাশের এলাকা থেকে বিরোধী যোদ্ধারা সরে যাচ্ছে। বিরোধী কর্মীরা জানায়, হমসের উত্তরাঞ্চলীয় বিরোধীদের অধ্যুষিত এলাকা থেকে বিদ্রোহীদের পিছিয়ে আসার অনুমতি দেয়া হবে। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি। বিরোধী যোদ্ধাদের এই এলাকা প্রায় দু’বছর ধরে অবরোধ করে রেখেছিল। এ বছরের শুরুর দিকে বেসামরিক লোকজন এলাকা ত্যাগ করে। গত বৃহস্পতিবার এ হমস এলাকায় বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে এর মধ্যে ১০টি শিশু রয়েছে। হমস এলাকার অংশ বিশেষ সরকার নিয়ন্ত্রণ নেয়ার পরও আত্মঘাতি বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। ব্রটিশভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, আলেপ্পোর উত্তর-পূর্বাঞ্চলীয় হেলাক এলাকার একটি বাজারে বিমান হামলায় বহু লোক নিহত হয়েছে। সংস্থাটি আরো জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির ইজোর প্রদেশে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) ও আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসা ফ্রন্টসহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো এলাকায় মধ্য ডিসেম্বরের পর থেকে ব্যাপক বিমান হামলা চালানো হয়।