যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে
যুক্তরাষ্ট্রে এপ্রিলে চাকরি পেয়েছে ২ লাখ ৮৮ হাজার মানুষ। ২০১২ সালের জানুয়ারির পর থেকে দেশটিতে একমাসে এত মানুষের কর্মসংস্থান অর্থনীতিবিদদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। পেশাগত এবং ব্যবসায়িক খাতে চাকরি পেয়েছে সবচেয়ে বেশি মানুষ। এ সংখ্যা ৭৫ হাজার। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের সর্বশেষ হিসাবমতে, বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ শতাংশে। ২০০৮ সালের সেপ্টেম্বরের পর থেকে এটিই সর্বনিম্ন বেকারত্বের হার। — বিডিনিউজ
কঙ্গোতে বৃহত্তম স্বর্ণখনির উদ্বোধন
বিশ্বের বৃহত্তম স্বর্ণ উত্পাদনকারী দেশ ডি আর কঙ্গোতে শুক্রবার আফ্রিকার অন্যতম বৃহত্তম স্বর্ণখনির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যদিও খনিতে উত্পাদন কাজ শুরু হয় ২০১৩ সালে। খনিমন্ত্রী মার্টিন কাবওয়েলুলু শুক্রবারের এ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। — এএফপি
ফেরি থেকে লাশ উদ্ধার স্থগিত
সাগর উত্তাল থাকায় দক্ষিণ কোরিয়ার উপকূলে ডুবে যাওয়া ফেরি থেকে লাশ উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নিখোঁজ অনেকের আর কখনো সন্ধান নাও পাওয়া যেতে পারে এমন উত্কণ্ঠার মধ্যেই এ অভিযান স্থগিত করা হলো। ৬ হাজার ৮২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ফেরিটি ডুবে যাওয়ার ১৭ দিন পর এখনো ৭৪ জন নিখোঁজ থাকার এবং ২২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
