হরতাল ডাকার আগে ভাবতে হবে

আপডেট : ০৩ মে ২০১৪, ২১:৫৬
হত্যা, গুম, অপহরণের প্রতিবাদে হরতাল ডাকা মানেই গাড়ি ভাংচুর, ফিলিং স্টেশন-দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া, বাসে মানুষ পুড়িয়ে মারা, সংঘর্ষ, জালাও-পোড়াও, গুলি করে ও পিটিয়ে মানুষ হত্যা ইত্যাদি কত কী সব ভয়াবহ লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি। হত্যার প্রতিবাদে হরতাল হলে এরকমই ঘটনা ঘটেছে বার বার। তাহলে দেখা যাচ্ছে হরতাল ডাকা মানেই নৈরাজ্য-অরাজকতা ও হত্যাকাণ্ডকে উত্সাহিত করা। তাই বলবো— যাঁরা এখনও হরতাল ডাকেন তাঁরা হয়তো দেশে শান্তি চান না নয়তো বোকার স্বর্গে বসবাস করছেন। হরতাল ডাকার আগে তাই ভাবুন। প্রসঙ্গত, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে মসজিদ থেকে মাইকিং করে বার বার বলা যেতে পারে— গুম, অপহরণ, হত্যা করা মহাপাপ। যাঁরা এহেন অপরাধমূলক কাজ করছেন তাঁরা পরকালে কঠিন শাস্তি ভোগ করবেন। দু’দিনের পৃথিবী কিছুই না, চোখ বুজলেই শেষ হয়ে যাবে সব; খালি হাতেই কবরে যাবেন— ইত্যাদিসহ ধর্মীয় বিভিন্ন বাণী। এই উদাহরণ আছে— ধর্মের বাণী খুনি, ডাকাত, লুটেরা, সন্ত্রাসীকে কল্যাণের পথে ফিরিয়ে এনেছিল। লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা