ব্রাদার্সের দুই ধাপ উন্নতি

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:০৫
ব্রাদার্স ২-১ চট্ট. আবাহনী চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট টেবিলে দুই ধাপ উপরে উঠেছে। ব্রাদার্সের পয়েন্ট ১৩ খেলায় ১৯। মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রাদার্স। মোহামেডান ২০ নিয়ে তৃতীয় স্থানে, ব্রাদার্সের উপরে দাঁড়িয়ে। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ব্রাদার্সের নাইজেরিয়ান সিমন ইজিওডিকা, হাইতির অগাস্টিন এবং চট্টগ্রাম আবাহনীর ইসমাইল জাহেদ গোল করেন। আগের ম্যাচে শেখ রাসেলকে হারানো ব্রাদার্স কাল চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ৬ নম্বর থেকে চার নম্বরে উঠে গেলো। ব্রাদার্স গোল হজম করে ম্যাচ জিতেছে। ম্যাচের ১২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর ইসমাইল জাহেদ গোল করেন ১-০। ১৫ মিনিটে ব্রাদার্সের সিমন গোল করে সমতা আনেন ১-১। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে চট্টগ্রাম আবাহনী গোল হজম করে ম্যাচ হেরে যায়। অগাস্টিন বাঁ দিক থেকে একাই বল নিয়ে গিয়ে সাইড বার ঘেঁষে নিচু শটে গোল করেন, ম্যাচ জিতে ব্রাদার্স ২-১। এক পয়েন্ট নিশ্চিত পেতে যাওয়া চট্টগ্রাম আবাহনীর কোচ নজরুল ইসলাম লেদু বলেন, আমার খেলোয়াড়রা শেষ দিকে এসে মনসংযোগ হারিয়েছে। যে কারণে গোল হজম করতে হয়েছে। আগেও এমনটি হয়েছিল। পেশাদার ফুটবলে খেলোয়াড়দের কাছ থেকে এমনটা পাওয়া হাতাশাজনক।’ চট্টগ্রাম আবাহনী ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে আছে। ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈম উদ্দিন বেশ খুশি। কাল ম্যাচ শেষে বলছিলেন, আমার দলের ছেলেরা দারুণ কষ্ট করছে। তার ফল পাচ্ছি। ম্যাচ জিততে পারছি। আমরা এখন তিন নম্বর স্থানের কথা ভাবছি।’