গুম-খুন ও অপহরণের ঘটনা চলমান অসুস্থ রাজনীতির ফসল বলে দাবি করেছে গণফোরাম। গতকাল এক বিবৃতিতে দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, বড় দুইটি দল দীর্ঘদিন থেকে অসুস্থ রাজনীতি চর্চা করে আসছে। বর্তমানে এই অসুস্থ রাজনীতি চারদিকে ডালপালা গজিয়ে সর্বগ্রাসী রূপ নিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এডভোকেট চন্দন সরকারসহ সাতজনের অপহরণ ও হত্যার ঘটনা জনমনে আতংক সৃষ্টি করেছে। অপহরণের ঘটনার পর কাউন্সিল নজরুলের স্ত্রী অপরাধীদের নাম উল্লেখ করে থানায় জিডি করার পরও পুলিশ অপরাধীদের গ্রেফতার এবং অপহূতদের জীবিত উদ্ধার করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কত অবনতি ঘটেছে এই ঘটনার পর স্পষ্ট হয়েছে এবং প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। সাতজনের গুম ও হত্যার ঘটনা নিয়ে চলছে বড় দুই দলের মধ্যে নোংরা কাদাছোঁড়াছুঁড়ি। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে বস্তুত আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে অসুস্থ রাজনীতি পরিহার করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি গুম-খুন-অপহরণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
