কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) সংবাদদাতা
কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেনু মেস্ত্রীর বাড়ির সামনে।
জানা যায়, উপজেলার চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম মজুমদার (২৫) গত কয়েক দিন আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একই উপজেলার বসুরহাট পৌরসভাধীন মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য একটি আবেদন করেন। ওই স্কুলে একই পদে বদলির জন্য আরো কয়েকটি আবেদন জমা পড়ে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ৯টায় অসীম মজুমদার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে যাওয়ার পথে ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে মারাত্মক আহত করে। তার আর্তচিত্কারে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় অসীম মজুমদারকে হুমকির সুরে বদলির আবেদন প্রত্যাহারে না করলে তাকে হত্যার হুমকি দেয়।
আহত স্কুল শিক্ষক অসীম মজুমদার এই প্রতিবেদককে জানান, বদলির আবেদন করায় আমার উপর এ হামলার সূত্রপাত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
