আদমজী ইপিজেডে এক শ্রমিকের মৃত্যু, আতঙ্কে দুই শতাধিক অসুস্থ

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:১৮
সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় সুপ্রিম নিট ওয়্যার নামের একটি গার্মেন্টে শনিবার সকালে ডালিয়া (২০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে দু’শতাধিক শ্রমিক। তাদেরকে শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিত্সা দেয়া হচ্ছে। নিটিং অপারেটর ডালিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজির বাসিন্দা। এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে রুপু, রুমা, মাইনুর, নিপা, লাইলী, ফারজানা, হালিমা, হাজেরা, পুষ্পা. রিমা, রানু, তাসলিমা, নুপুর, তাহমিনা, হ্যাপি, জরিনা, রোমানা, প্রিয়া, মিনা, নাজমা, হাসিনা, লুত্ফার পরিচয় পাওয়া গেছে। অসুস্থ শ্রমিকরা জানান, শনিবার সকাল ৯টায় তারা কাজে যোগদানের পর ডালিয়া অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে একে একে গার্মেন্টের নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকে। শ্রমিকরা জানান, গার্মেন্টের পানি পান করার পর থেকেই তারা অসুস্থ হতে শুরু করে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর ভারপ্রাপ্ত সুপার মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপার শফিউল আযম জানান, একজন মারা যাওয়ার কথা শুনে আতঙ্কে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের সবার বিপি ও পাল্স সব ঠিক আছে। আদমজী ইপিজেডের একজন কর্মকর্তা জানান, শ্রমিকরা যে ট্যাংকির পানি পান করে অসুস্থ হয়েছে সে ট্যাংকির পানি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।