মিসরের একটি আদালত গতকাল শনিবার ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১০২ জন সমর্থককে ১০ বছর কারাদন্ডে দন্ডিত করেছে। গত বছর জুলাই মাসে মিসরে বিক্ষোভের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে।
মিসরের সেনা সমর্থিত সরকার হাজার হাজার মুরসি সমর্থককে আটকে রেখেছে এবং তাদের গণবিচার করছে। এর আগে গত সপ্তাহে দক্ষিণাঞ্চলের মিনিয়া নগরীর একটি আদালত মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতাসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। বিশ্বে একসঙ্গে এত সংখ্যক মৃত্যুদন্ডের নজির নেই। মিসরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাদের এই দন্ড দেয়া হলো। ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি এই নির্বাচনে জিতবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে মিসরে ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল এই সাজার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আসামিদের আইনজীবীরা । তাদের অভিযোগ, এই বিচার সাজানো নাটক। কারণ অভিযুক্তদের নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেয়া হয়নি। সংক্ষিপ্ত শুনানির পর তাদের বিরুদ্ধে গণসাজা ঘোষণা করা হয়েছে। এটা কোনোভাবেই ন্যায়বিচার হতে পারে না।
