পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনঃঅর্থায়ন তহবিলের ৯০০ কোটি টাকার প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা বণ্টনের সময়সীমা ষষ্ঠ দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তহবিল বণ্টনে মার্চেন্ট ব্যাংক এবং স্টক ব্রোকারদের আরোপিত ব্যক্তিগত নিশ্চয়তার শর্ত শিথিল করায় ফের সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেয়া হলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও তহবিল বন্টন কমিটির আহ্বায়ক সাইফুর রহমান সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএসইসি কর্তৃপক্ষ আশা করছে, শর্ত শিথিল করার আবদনকারীদের ইতিবাচক সাড়া পাওয়া যাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী পুনঃঅর্থায়ন তহবিলের জন্য ৪০টি প্রতিষ্ঠানের ১৫ হাজার ৬৯৫ জন বিনিয়োগকারী আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ২০টি স্টক ব্রোকারেজ এবং ২০টি মার্চেন্ট ব্যাংক রয়েছে। এর মধ্যে মোট ৪৬১ কোটি টাকার আবেদন জমা পড়েছে।
এদিকে কমোডিটি মার্কেট ও ক্লিয়ারিং করপোরেশন প্রতিষ্ঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতামত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এছাড়া ডিএসই’র প্রস্তুতি সম্পর্কেও ধারণা নিয়েছে বিএসইসি। গতকাল রবিবার দুপুরে বিএসইসির কার্যালয়ে এ মতবিনিময় হয়। বৈঠকে ডিএসইর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ডিএসই জানিয়েছে, বিএসইসির নির্দেশ পেলেই কমোডিটি মার্কেটের বিষয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু হবে। কমোডিটি মার্কেট প্রতিষ্ঠায় দেশের অভ্যন্তরীণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করে ডিএসই। এ লক্ষ্যে ডিএসই ও সিএসই যৌথ উদ্যোগে কাজ করবে।
এদিকে গতকাল ডিএসইতে বড় দরপতন হয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৯ কোটি ৯৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৬ কোটি ৪১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
