আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা শ্বাসরুদ্ধকর এক ম্যাচে এভারটনের মাঠে ৩-২ গোলের এক জয়ে প্রিমিয়ার লিগে গত তিন বছরে দ্বিতীয় শিরোপার হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। এডিন জেকোর দুই গোলের পাশাপাশি সার্জিও অ্যাগুয়েরোর এক গোলে গত শনিবার রাতে পাওয়া এই জয়ে এভারটনের মাঠে প্রায় দুই যুগের জয় খরাও ঘোচালো তারা। তবে এখনই শিরোপা নিশ্চিত হয়ে গেছে এমনটা ভাবতে নারাজ সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। এদিকে কোচ হিসাবে নিজের দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে রায়ান গিগসকে। ওল্ড ট্রাফোর্ডে সান্দারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এভারটনের বিরুদ্ধে এই ম্যাচে মাঠের প্রতিপক্ষের চাইতেও সিটির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ইতিহাস। কারণ এই ম্যাচের আগে গুডিসন পার্কে সিটির সর্বশেষ জয়টি আসে ১৯৯২ সালে। এভারটনের মাঠে সর্বশেষ তিন ম্যাচে দু’বারই ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিগের ২০১২ আসরের শিরোপাধারীদের। অন্য ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। তাছাড়া চলতি মৌসুমে নিজেদের দর্শকদের সামনে দারুণ সময়ই কাটাচ্ছিল এভারটন। আর্সেনালের ঠিক পেছনে থেকে পঞ্চম স্থানে থাকা দলটি এ মৌসুমে নিজেদের মাঠে হেরেছে মাত্র দুটি দল।
রস বার্কলির ১১ মিনিটের গোলে এভারটন যখন এগিয়ে যায়, তখন মনে হচ্ছিল সেই রেকর্ড অক্ষুণ্ন রাখার দিকেই এগোচ্ছে এভারটন। তবে ২২ মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর গোলের পর ৪৩ মিনিটে জেকোর গোলে উল্টো এগিয়ে যায় সিটিই। দ্বিতীয়ার্ধের শুরুতেই এই বসনিয়ানের দ্বিতীয় গোলে সিটির অগ্রগামিতা দাঁড়ায় ৩-১ এ। তবে গোল শোধে মরিয়া এভারটন রক্ষণাত্মক কৌশলে না হেঁটে পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। অচিরেই ফলও পেয়ে যায় তারা। ডানপ্রান্ত থেকে উড়ে আসা একটি বলকে দারুণ এক হেডে জালে জড়িয়ে ৬৫ মিনিটে ব্যবধান কমান বেলজিয়ামের রোমেলো লুকাকু। এরপর বাকি সময় সমতায় ফেরার চেষ্টা অব্যাহত রাখলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই সিটির শিরোপাও প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে সেক্ষেত্রে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে বাকি দু্ই ম্যাচ জিততে হবে তাদের। গতকাল রাতে নরউইচের বিরুদ্ধে খেলার আগে চেলসি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৮ ও ৮০। আর তাদের সমান ৩৬ ম্যাচে সিটির পয়েন্ট ৮০। কিন্তু +৫৯ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে সিটিই। আজ যদি ক্রিস্টাল প্যালেসের মাঠে লিভারপুল নয় গোলের বেশি ব্যবধানে না জেতে তাহলে সিটির অগ্রগামিতা শেষ ম্যাচ পর্যন্ত থাকছে। আগামী ১১ তারিখ লিগে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলবে সবাই।
এদিকে দারুণ এই জয়ের পরও শিরোপাকে নিশ্চিত বলে ভাবতে নারাজ পেলিগ্রিনি। এই চিলিয়ান বলেন, ‘এটা দারুণ একটা পরীক্ষা ছিল তবে সেটা এখনও শেষ হয়নি। আমরা কেবল, জিততেই হবে এমন তিনটি ম্যাচের প্রথমটি জিতেছি। তবে এটা কঠিন ম্যাচ ছিল সন্দেহ নেই। কারণ এখানে সিটির ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানে। তাছাড়া এভারটনের ফর্মও ছিল দারুণ। তারা খেলেছেও ভালো। সব মিলে আমি বলবো দারুণ এক জয় ছিল এটা।’ এদিকে সেবাস্টিয়ান লারসনের ৩০ মিনিটের গোলে কোচ হিসাবে নিজের দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের স্বাদ নিতে বাধ্য হয়েছেন গিগস।
