ব্যস্ততা বাড়ছে ‘ফুটবল ভক্ত’ গাঙ্গুলির

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:৫১
ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরিচয় একজন ক্রিকেটার হিসেবেই; কিন্তু সম্প্রতি ফুটবলের সাথে তার সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনার ঝড় বইছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স যখন সংযুক্ত আরব আমিরাতের পর্ব শেষ করে ঘরের মাঠে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে তখন গাঙ্গুলি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন দায়িত্ব ফুটবল নিয়ে। আইপিএলের আদলে করা ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম আসর মাঠে গড়াচ্ছে কিছুদিনের মধ্যেই। আর সেখানে কলকাতার এই সাবেক ক্রিকেট অধিনায়ক কলকাতা ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইসির মালিক হতে যাচ্ছেন। আর এই আসরে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ হবে তাদের অফিসিয়াল পার্টনার। তাই নিজের দল গোছানোর আগে আপাতত রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখতে চাইছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। সেজন্য আগামী ২৪ তারিখের ফাইনাল দেখতে লিসবনে যাওয়ার পরিকল্পনা করেছেন গাঙ্গুলি। দল গোছানোর পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গাঙ্গুলি বলেছেন, প্রথমে তিনি ১৮ মে ক্যাম্প ন্যুতে যাবেন। সেখানে লা লিগায় বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটি দেখবেন। এর পর পরই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে লিসবনে যাবেন। এর আগে অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়োনেসহ সকল শীর্ষ কর্মকর্তা ৬ মে কলকাতা সফরে আসবেন গাঙ্গুলির দলের নাম উন্মোচনের জন্য। ঐ সফরেই দলের প্রধান কোচের নাম ঘোষণা করতে পারে স্প্যানিশ পার্টনার, এমন ইঙ্গিতই দিয়েছেন গাঙ্গুলি। ইতিমধ্যেই অবশ্য প্রধান কোচের সহকারী হিসেবে কয়েকজন ভারতীয় কোচের সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই তাদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে কোচিং দলের যৌথ মালিকানায় আছেন ক্রিকেটের আরেক কিংবদন্তী শচিন টেন্ডুলকারও। -বাসস