হিন্দু ‘ভাইদের’ বাদে অন্যদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:১২
দল চাইলেও সুর নরম করলেন না বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। উল্টে পশ্চিমবঙ্গের আসানসোলে বাবুল সুপ্রিয়র সমর্থনে গতকাল রবিবারের জনসভায় সুর চড়িয়ে বললেন, বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে চলে আসা হিন্দুরা ‘শরণার্থী’। ভাইয়ের মত আমি তাদের রক্ষা করব। ভারতের নাগরিকের মর্যাদা দেব। অন্যরা (পড়ুন মুসলিমরা) হচ্ছে অনুপ্রবেশকারী। তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এনিয়ে কোনো দলের কথা শোনা হবে না। তারা নির্বাচনের সময় গোলমাল পাকাতে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। উল্লেখ্য, গত ২৭ মে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে জনসভায় নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতে চলে আসা বাংলাদেশিদের ১৬ মের পর তাড়ানো হবে। এর প্রতিবাদে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীর। তিনি মোদীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, বাংলার মানুষই তাকে তাড়াবে। বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপির সভাপতি রাজনাথ সিং শুক্রবার পশ্চিমবঙ্গের নৈহাটিতে জনসভায় বললেন, যারা শরণার্থী হিসেবে ভারতে এসেছেন তারা আমার ভাই। তবে যারা বিনা পাসপোর্টে এসেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের ওখানে (বাংলাদেশ) ফিরে যাওয়াই উচিত। আমরা তাদের চিহ্নিত করব। কিন্তু তারপরও রবিবার ফের বাংলাদেশ নিয়ে একদফা সুর চড়ালেন নরেন্দ্র মোদী। শরণার্থী শব্দের আড়ালে জাগিয়ে তুললেন হিন্দুত্ব ইস্যু।