বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্র্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যখাতে উন্নতির জন্য আমেরিকা সরকারের শক্তিশালী অংশীদারিত্ব আছে। মা ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করছে ওবামা সরকার। মা ও শিশুর মৃত্যুর হার ৪১ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে দুই দেশ একত্রে কাজ করবে। তিনি আজ রবিবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আইসিডিডিআরবি’র সম্মেলন কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জোরালো খাদ্য কর্মসূচি গ্রহণ করতে ওবামা প্রশাসন বাংলাদেশকে বেছে নিয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের সাথে আমেরিকার সরকার কাজ করে যাচ্ছে। এর আগে তিনি স্বেচ্ছাসেবী সংস্থা সলিড-এর প্রকল্প পরিদর্শনের জন্য মতলব দক্ষিণের দশপাড়া এবং মতলব উত্তরের লুধুয়া গ্রাম পরিদর্শন করেন। লুধুয়ায় ‘আঁচল’ প্রকল্পের চাইল্ড কেয়ার পরির্দশন করেন। পরিদর্শনকালে শিশু ও মায়েদের সাথে খোশগল্প করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রকল্পের নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স, ইউএনও সফিকুল ইসলাম, ডা. খালকুজ্জামান, ডা. ফজল, সলিডের পরিচালক ডা. দেওয়ান এমদাদুল হক।
