মোদীর সুপরিকল্পিত প্রচার কৌশলে সাড়া দিচ্ছে ভোটাররা

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:১৭
চলতি লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সুপরিকল্পিত প্রচার কৌশলে সাড়া দিচ্ছে ভোটাররা। নির্বাচনী প্রচারের জন্য তার একটি দল আছে যাদের পরামর্শ তার ভাবমূর্তি বাড়াতে সহায়তা করছে। বিজেপি’র পিযুষ গয়াল এবং অজয় সিং নামের দুই সিনিয়ন নেতা যৌথভাবে দলের জন্য সমস্ত সৃষ্টিশীল কাজ এবং গণমাধ্যমে প্রচারের কৌশল ঠিক করতে নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনে মোদীর স্লোগান অনেককেই আকৃষ্ট করেছে। তার নির্বাচনী প্রচারের পরিকল্পনার মূলে রয়েছেন ‘সহো স্কয়ার’ নামের একটি কোম্পানির প্রধান সম্রাট বেদি এবং একই কোম্পানির নির্বাহী পরিচালক আনুরাগ খান্ডেলওয়াল ও সতীশ দেশা। ‘এই সময়ে দরকার, মোদীর সরকার’ শীর্ষক এই স্লোগান ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। বিজেপির অন্যতম সংগীত হচ্ছে, ‘ভবিষ্যতে সুসময় আসছে’। রেডিওতে বিজ্ঞাপন প্রচারের জন্য দলটি দিল্লি ভিত্তিক কোম্পানি ঘাপিস অ্যাডস এর ক্রিয়েটিভ ডিরেক্টর সুশীল গোস্বামী নামের একজনকে নিয়োগ দেয়। তিনি দুর্নীতি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে ছয়টি বিজ্ঞাপন তৈরি করেছেন। এই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল ক্রিকেটকে নির্বাচনী প্রচারে ব্যবহার করেছে। টি-২০ খেলা উপলক্ষ্যে দলটি পুনের গ্রাফিক ডিজাইনার প্রণয় খাদাতকার, প্রাঞ্জল খাদাতকার এবং পুনিত শর্মাকে নিয়োগ দেয় ক্রিকেট ভিত্তিক বিজ্ঞাপন নির্মানের জন্য। বিজেপি’র একটি সূত্রে এ তথ্য জানিয়েছে। এই বিজ্ঞাপন যুবকদের মধ্যে ব্যাপক সাড়া দিয়েছে বলে সূত্রটি জানায়। ‘ট্যাগ’ নামের একটি বিজ্ঞাপনী সংস্থা বিজেপি’র জন্য আরেকটি সংগীত তৈরি করেছে। সংগীতটি হলো- ‘মাতৃভূমির নামে অঙ্গীকার’। সবার জন্য সমান অধিকার :রাজনাথ এদিকে, বিজেপি’র প্রেসিডেন্ট রাজনাথ সিং বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই নির্বাচনে ৩শত আসনে জয়ী হবে। বিজেপি অতীতের চেয়ে ভাল অবস্থানে আছে উল্লেখ করে রাজনাথ বলেন, দলটি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের অগ্রাধিকার দেবে এবং সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাজনাথ জানান, বিজেপি কর্ণাটকের ২৮ আসনের মধ্যে ১৫ থেকে ১৮ আসন পাবে। তামিলনাড়ুতেও ভাল ফল করার কথা জানান তিনি। ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দুকে’ দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। বিজেপি প্রেসিডেন্ট বলেন, তারা আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমরা সবাই আরএসএস’র স্বেচ্ছাসেবী। কংগ্রেস এবং কিছু রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষতার নামে সংখ্যালঘুদের মনে ভীতি সৃষ্টি করছে অভিযোগ করে রাজনাথ বলেন, তারা ভোট পাওয়ার জন্য এই কাজটি করছে। আমরা এই ভীতি দূর করবো।