হত্যাকাণ্ডে আইভির ঘনিষ্ঠ সুফিয়ান ও নূর হোসেন জড়িত

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:২১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভির ঘনিষ্ঠ বন্ধু আবু সুফিয়ান ও নূর হোসেন জড়িত থাকার দাবি করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় নজরুল হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নজরুলের শ্বশুর শহিদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আবু হাসনাত শহিদ মো. বাদল, সিদ্ধিরঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান দিপু, অ্যাডভোকেট খোকন সাহা, নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি প্রমুখ। সমাবেশ শুরু হয় বিকাল ৪টায়। এরপর নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার লোক অংশ নেন। সমাবেশে শামীম ওসমান একটি রেকর্ড করা অডিও দেখিয়ে দাবি করেন, এই অডিও শুনলেই আপনারা সাত খুনের জন্য কে দায়ী তা পরিষ্কার বুঝতে পারবেন। এসময় তিনি দাবি করেন, অডিওতে নূর হোসেন, আবু সুফিয়ান ও সেলিমসহ কয়েকজনের কথোপকথন রয়েছে। আমি অডিওটার একটি সিডি এসপির কাছে দিয়েছি। নজরুলকে হত্যা করার জন্য আবু সুফিয়ান নূর হোসেনকে দুই কোটি টাকা দিয়েছেন বলেও দাবি করেন শামীম ওসমান। পরে ওই অডিও সাংবাদিকদের দেয়া হয়। শামীম ওসমান আরো বলেন, কোনো ঘটনা ঘটলেই ওসমান পরিবারকে দায়ী করা হয়। এর ফলে প্রকৃত খুনিরা পার পেয়ে যাচ্ছে। এবার তা হবে না। আমি মাঠে থাকব। তিনি নিজেকে অসহায় দাবি করে বলেন, ‘নিজের জন্য ভাবি না। নফল নামাজ পড়তে পড়তে ঢাকায় যাওয়া আসা করি। এক ওয়াক্ত নামাজ কাজা করি না। শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে আর কোনো মানুষকে খুন হতে দেব না। এ লড়াইয়ে যখন নামব তখন বিভিন্ন হুমকি আসবে। তিনি বলেন, শেখ হাসিনা আমার আদর্শ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মাঠে নামব। এরপর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে শামীম ওসমান জনগণের হাতে তুলে দেন। সেলিনা ইসলাম বিউটি এসময় তার স্বামী নজরুলসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।