নির্বাচনী ব্যয়ের হিসাব চেয়ে ১২ দলকে ইসির চিঠি

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:২২
নির্ধারিত সময়ে দশম সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দলকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক/ মহাসচিবকে এ সতর্কীকরণ নোটিস দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪ সিসিসি-এর বিধান অনুযায়ী, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলভিত্তিক নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার বিধান রয়েছে। ২৩ এপ্রিলের মধ্যে সব দলকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু এ পর্যন্ত কোন রাজনৈতিক দল নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয়নি। রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসির বেঁধে দেয়া সময় অনুযায়ী আগামী ২২ মের মধ্যে দলগুলো হিসাব জমা দিতে পারবে। ব্যক্তি পর্যায়ে হিসাব জমা না দেয়া ৯ জন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। মিহির সারওয়ার মোর্শেদ বলেন, দলগুলোকে সতর্ক করা হলো। এখনো তাদের হিসাব দেয়ার সময় রয়েছে। এতে তারা ব্যর্থ হলে দশ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিন সময় নিতে পারবে। এরপরও হিসাব দাখিল না করলে নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে। আইন অনুযায়ী যে দল থেকে সর্বোচ্চ ৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে সে দল সর্বোচ্চ ৭৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ১০০ প্রার্থীর জন্য দেড় কোটি টাকা, সর্বোচ্চ ২০০ প্রার্থীর জন্য তিন কোটি টাকা এবং সর্বোচ্চ ৩০০ আসনের প্রার্থীর জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ রয়েছে।