চট্টগ্রামে মা ও মেয়ের অপহরণ নিয়ে ধূম্রজাল

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:২৪
নগরীর হালিশহর আই ব্লক এলাকায় মা-মেয়ের অপহরণের ঘটনা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। শনিবার বিকাল ৪টায় ওষুধ কেনার কথা বলে পাঁচ বছর বয়সী মেয়ে তাসফিয়াকে নিয়ে বাসা থেকে বের হন গৃহবধূ আয়েশা আক্তার (২২)। ঘণ্টা দুয়েক পর স্বামী মো. আবু নছরের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। টাকাগুলো বিকাশ করে পাঠাতে বলে সে। এই ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন স্বামী। মামলা দায়েরের পর পরই পুলিশ উদ্ধার অভিযানে নামে। স্ত্রী ও কথিত অপহরণকারীর মোবাইলে ফোন করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাত দেড়টার দিকে আই ব্লক ৯ নং লেইন খালপাড় মসজিদের সামনে থেকে মা ও মেয়েকে উদ্ধার করা হয়। এদিকে মা ও মেয়ের অপহরণ ঘটনাকে সাজানো নাটক বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রাগ করে বাসার বাইরে চলে যান। উদ্ধারকৃত মা ও মেয়েকে আদালতে জবানবন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে।