৫০ বছর পূর্ণ করল লাক্স

আপডেট : ০৫ মে ২০১৪, ২০:২৬
‘বিশ্বজুড়ে তারকাদের সাবান’—এ স্লোগান নিয়ে লাক্স বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় প্রসাধনী। এ সাবান বাংলাদেশে তাদের বাজারজাতকরণের ৫০ বছর পূর্ণ করল। গত ৪ মে লাক্স সুন্দরী খোঁজার প্রতিযোগিতার উদ্বোধন ও লাক্সের পথচলার ৫০ বছর পূর্তিকেও উদযাপন করা হয়। গুলশানের হোটেল ওয়েস্টিনে তারা ঝলমলে এ অনুষ্ঠানে লাক্সের ৫০ বছরপূর্তি ও প্রতিযোগিতা উপলক্ষে টেলিভিশন চিত্রে প্রথম লাক্স মডেল চিত্রনায়িকা নূতনসহ আরও লাক্স তারকাদের মঞ্চে আনা হয়। তারা হলেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, অভিনেত্রী আফসানা মিমি, চিত্রনায়িকা পপি, নাট্যভিনেত্রী অপি করিম, রুমানা রশীদ ঈশিতা, চিত্রনায়িকা কুসুম সিকদার ও লাক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহ্জাবীন চৌধুরী। অনুষ্ঠানে আলী যাকের বলেন, ‘বাংলাদেশে লাক্সের যাত্রার পাঁচ দশক পূর্ণ হলো। লাক্সকে বিভিন্নভাবে সামনে এগিয়ে যেতে দেখেছি। দেখেছি বদলে যেতে। এই পথচলার অভিজ্ঞতা অনন্য। লাক্স তরুণীদের মধ্যে যুগে যুগে আত্মবিশ্বাস যুগিয়েছে, যা তাকে প্রতিষ্ঠা পেতে সামনে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে।’ নৃত্যশিল্পী শামীম আরা নীপা বলেন, ‘নৃত্য করেও যে তারকা হওয়া যায়—আমাকে এ বিশ্বাস দিয়েছে লাক্স।’ অপি করিম বলেন, ‘লাক্স আমাকে নতুন পরিচয় দিয়েছে, দিয়েছে আত্মবিশ্বাস।’ এরপর লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতা ২০১৪-এর ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।