কালীগঞ্জ উপজেলা শহরের কলেজপাড়ায় সোমবার সকালে মাধবী পাল (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাধবী পাল কালীগঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা অরবিন্দ পালের মেয়ে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পড়ালেখার খরচ নিয়ে পিতার উপর অভিমান করে মাধবী গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেন। সোমবার সকালে জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মাধবীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
