মিয়ানমারে মুসলিমদের স্বীকৃতি দিতে জাতিসংঘের আহ্বান

আপডেট : ০৫ মে ২০১৪, ২১:০১
মিয়ানমার সফররত জাতিসংঘের শীর্ষ দূত বিজয় নামবিয়ার বলেছেন, দেশটির রাখাইন রাজ্যে বসবাসরত সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তার জন্য তাদের স্বীকৃতি দেয়াটা খুবই জরুরি। এসব সংখ্যালঘু মুসলমানদের বৈধতা না দেয়ার কারণে নির্যাতনের শিকার হচ্ছেন তারা। নাগরিকত্বের স্বীকৃতির অভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলমানরা। বৃহস্পতিবার দেশটির আন্তর্জাতিক পিস ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি আরো বলেন, মিয়ানমার যথাযোগ্য ব্যবস্থা না নিলে বহির্বিশ্বে দেশটির সুনাম ক্ষুণ্ন হবে। সংখ্যালঘু মুসলমানদের বৈধতা দিতে মিয়ানমার সরকারকে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না করা হলে দেশটি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। রাখাইন রাজ্যে বসবাসরত মুসলমানদের বাংলাদেশের অবৈধ অধিবাসী হিসাবে মনে করে মিয়ানমার সরকার। মিয়ানমারের সরকারি হিসাব থেকে বাদ দেয়া হয়েছে রাখাইন রাজ্যের কয়েক লক্ষ মুসলমানকে। এ কারণে রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা পায় না এসব মানুষ। স্বাস্থ্য, শিক্ষা, ভোটাধিকারসহ সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত হন তারা। মাসখানেক আগে জাতিসংঘের অন্য একজন দূত মিয়ানমারের পশ্চিমাঞ্চলের শহর রাখাইন রাজ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় এবং স্বাস্থ্যসেবার অভাবের সাথে লড়াই করে দীর্ঘদিন ধরে টিকে আছেন রোহিঙ্গারা। যুগের পর যুগ নির্যাতনের ইতিহাসবহনকারী এসব মুসলমানদের স্বীকৃতি দাবি করেন তিনিও। রোহিঙ্গাদের স্বীকৃতি না দেয়ায় গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সমালোচনা করেন মিয়ানমার সরকারের।