আজ ৬ মে মুক্তিযুদ্ধে ৭নং সেক্টর কমান্ডার লে. কর্ণেল (অব.) কাজী নূরুজ্জামান বীর উত্তমের তৃতীয় মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধ শুরুর কয়েক বছর আগে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিলেও ২৫ মার্চের গণহত্যায় রণক্ষেত্রে স্ব-ভূমিকায় আসেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক। ১৯২৫ সালের ২৪ মার্চ যশোরে তার জন্ম। বাবা কাজী সদরুল ওলা এবং মা রাতুবান্নেসা। কলকাতার সেন্ট জেভিয়ারস কলেজে রসায়নে শিক্ষাগ্রহণ শেষে ১৯৪৩ সালে ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি তিনি প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ হিসেবেও সক্রিয় ছিলেন। সাপ্তাহিক ‘নয়া পদধ্বনি’র সম্পাদক এবং ‘একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়’র প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন। ‘মুক্তিযুদ্ধ ও রাজনীতি’, ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’, ‘স্বদেশ চিন্তা’ ইত্যাদি তার রচিত গ্রন্থ। —প্রেস বিজ্ঞপ্তি
