ইসিতে অভিযোগ, মোদীকে গ্রেফতারের দাবি তৃণমূলের

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৫
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নরেন্দ্র মোদীকে গ্রেফতার করতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে এই চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে বিধি ভেঙে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন মোদী। বাঙালি-অবাঙালির মধ্যে বিভেদ তৈরি করার পাশাপাশি তিনি বাংলাদেশিদের তাড়ানোর হুমকি দিচ্ছেন। তাই অবিলম্বে মোদীর বিরু?দ্ধে এজাহার দায়ের করে তাকে গ্রেফতার করতে হবে। চিঠিতে মোদীর উস্কানিমূলক বক্তব্যের ওপর নিষেধাজ্ঞার দাবি করা হয়েছে। একই সাথে প্রমাণ হিসেবে মোদীর এসব বক্তব্যের ভিডিও পাঠিয়েছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছেন, রবিবার পশ্চিমবঙ্গের দু’টি জনসভায় মোদী সামপ্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া, তিনি ধর্মের নামে ভোট চেয়েছেন। এসব বিষয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি, অযোধ্যার ফৈজাবাদে মোদীর জনসভার পেছনে রাম ও প্রস্তাবিত রাম মন্দিরের ছবি ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে তৃণমূলের চিঠিতে। নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে কিংবা সাম্প্রদায়িক উসকানি দিয়ে ভোট চাওয়া যাবে না। রেডিও তেহরান জানায়, রবিবার পশ্চিমবঙ্গে দু’টি জনসভায় ভাষণ দেন মোদী। সেখানে তিনি পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদেরকে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে তাদেরকে তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন। এর আগে গত সপ্তাহে শ্রীরামপুরের সভায় মোদী বলেছিলেন, ‘১৯৪৭ সালের পরে যারা ভারতে এসেছেন, তারা বিছানা-পত্র বেঁধে রাখুন। ১৬ মে’র পরে (লোকসভা নির্বাচনের ফল বের হবার পর) তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। মোদীর ওই বক্তব্যের পর কৃষ্ণনগরে এক নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘মোদী দেশের ইতিহাস ও ভূগোল জানেন না। আর বাংলার মানুষকেও জানেন না। এ জন্যই তিনি এমন কথা বলছেন। তিনি বলেন, যে মানুষ দাঙ্গা বাঁধান, বাক্স-প্যাটরা নিয়ে চলে যেতে বলেন, এমন মানুষকে রাজনীতি করতে দেয়া উচিত নয়। আমি নির্বাচন কমিশনের কাছে তাকে গ্রেফতার করার দাবি জানাব। তাকে কোমরে দড়ি বেঁধে জেলে ভরা উচিত।’