প্রধানমন্ত্রীর পদ নিয়ে আপস করবে না বিজেপির মোদী গ্রুপ

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৬
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো আপোস করবেন না তার সমর্থকরা। মোদী প্রধানমন্ত্রী না হলে প্রয়োজনে তারা বিরোধী দলের আসনে বসতেও রাজি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চলতি লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ না করার সম্ভাবনা রয়েছে। কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে হলে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কমপক্ষে ২৭২টি আসন পেতে হবে। প্রয়োজনীয় আসন না পেলে অন্য দলের সমর্থনে ক্ষমতায় যেতে হবে বিজেপিকে। সেক্ষেত্রে অন্য দলগুলো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নাও নিতে পারে। লোকসভার সপ্তম পর্বের অনুষ্ঠিত হয়েছে। এতে বিজেপি নেতাদের উদ্বেগ বাড়ছে যে তারা সংখ্যাগরিষ্ঠ আসন হয়তো পাবেন না। বিজেপির একটি সূত্র ইত্তেফাককে জানিয়েছে, দলের জরিপে দেখা গেছে, এনডিএ ২শত’র মতো আসন পেতে পারে। আর কংগ্রেস ১শত’র কম আসনে জয় পেতে পারে। আগামী ৫ মে এবং ১২ মে ১০৫ টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এইসব আসনে বিজেপি ততোটা শক্তিশালী নয়। ফলে তামিলনাডুর এআইএডিএমকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দলের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হবে বিজেপিকে। এসব দল পূর্বে এনডিএ’র সঙ্গে জোট করেছিল। তবে এসব দলের নেতাদের মধ্যে মোদীকে প্রধানমন্ত্রী করা নিয়ে ভিন্নমত আছে। নরেন্দ্র মোদীর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, দলটি মোদী ছাড়া অন্য কোনো নেতাকে প্রধানমন্ত্রী করার দাবি মেনে নেবে না। প্রয়োজনে বিজেপি বিরোধী দলে যাবে। তবে দলের মধ্যে মোদী বিরোধীরা অপেক্ষায় আছেন নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত। ফল ঘোষণার পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করেন তারা। মোদী সমর্থকরা মনে করছেন, এআইএডিএমকে প্রধান এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা এনডিএ তে যোগ নাও দিতে পারেন। বিজেপি’র আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দলের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনোই মোদীর মতো একজন ব্যক্তিকে বেছে নিতে স্বস্তিবোধ করেনি। আরএসএস সবসময় চায় যে কোনোভাবে ক্ষমতায় যেতে। সংগঠনটি কেবল গুজরাটে মোদীর অভিজ্ঞতার দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী পদে তাকে সমর্থন দিয়েছে। ১৬ মে’র পরই বোঝা যাবে আরএসএস কাকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে।