আপিল বিভাগেও নির্দোষ ফয়সাল মোর্শেদ খান

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৬
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও নির্দোষ প্রমাণিত হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের ছেলে প্যাসিফিক মোটর্সের ব্যস্থাপনা পরিচালক ফয়সাল মোর্শেদ খান। তার সাজা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় গতকাল সোমবার বহাল রেখেছে আপিল বিভাগ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফয়সাল মোর্শেদ খানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পলাতক দেখিয়ে ১০ বছরের দণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০। জরুরি ক্ষমতা আইনে জাতীয় সংসদ ভবনে ওই আদালত গঠিত হয়েছিল। বিশেষ আদালতের দেয়া সাজার বিরুদ্ধে আপিলের পর ২০১০ সালের ৩ আগস্ট হাইকোর্ট ওই সাজা বাতিল করে। ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল দায়ের করলে আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দেয়। বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ গতকাল এ রায় দেয়। আদালতে ফয়সলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ ও আহসানুল করিম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিল আল জলিল।