গ্রুপিংয়ের জেরে সিলেটে দলীয় কর্মীর রগ কেটেছে ছাত্রদল

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৭
গ্রুপিংয়ের জের ধরে সিলেটে দলীয় কর্মী আনোয়ার হোসেন রাজুর (২৮) হাত-পায়ের রগ কেটেছে ছাত্রদল। মহানগরীর সুবিদবাজারে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তার শরীরে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। কিন্তু এতেও অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সোমবার ভোরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রাজু সুবিদবাজার মিতালী ২নং বাসার মতিউর রহমানের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন রাজু সিলেট ছাত্রদলের কাজী মেরাজ পক্ষের কর্মী। সুবিদবাজারে জিল্লুল হক জিলুর নেতৃত্বে ছাত্রদলের আরেকটি পক্ষ রয়েছে। এই পক্ষের সাথে রাজুর বিরোধ চলছে। এর জের ধরে গত রবিবার রাতে জিলু পক্ষের ক্যাডাররা রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে রাজুর হাত-পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এদিকে রাজুর ওপর হামলার জের ধরে ছাত্রদলের বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনেকে ২ পক্ষের মধ্যে ফের সংঘর্ষের আশংকা করছেন। পুলিশ সূত্রে জানা যায়, রাজুর ওপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।