বগুড়ায় ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৮
জেলার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী ঘাটের টোল আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার রাতে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। এসময় সংঘর্ষ চলাকালে ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সালেহ স্বপনের বাড়িতে ২টি ককটেল বিস্ফোরণ ও ৩টি বাড়ি ভাংচুর করা হয়। এ রিপোর্ট গতকাল সোমবার সন্ধ্যায় লেখা পর্যন্ত ওই ঘটনায় উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর শহড়াবাড়ী ঘাটটি জেলা পরিষদ থেকে প্রতি বছর ইজারা দেয়া হয়। বাংলা ২১২১ সালের জন্য এখন পর্যন্ত ইজারা বন্দোবস্ত না হওয়ায় জেলা পরিষদ ঘাটটি থেকে টোল আদায় করছে। এ টোল আদায়ের জন্য কামরুল মোর্শেদ আপেল, রিপন, রশিদ ও আবু সালেহ স্বপনকে শর্ত সাপেক্ষে সাময়িক দায়িত্ব দেয়া হয়। কিন্তু আদায় করা টাকা থেকে সারিয়াকান্দির বোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মাহমুদসহ কয়েকজন একটি অংশ দাবি করে। কিন্তু ঘাটে টোল আদায়ে দায়িত্বপ্রাপ্তরা দাবি করা টাকা দিতে অস্বীকার করলে গত রবিবার রাত ৮টায় ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। থানার এসআই মিলন কুমার চ্যাটার্জী বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।