টেকনাফে ১০ দিনেও খোঁজ মেলেনি যুবলীগ নেতাসহ ২ জনের

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৯
কক্সবাজারের টেকনাফ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহূত আওয়ামী যুবলীগ নেতাসহ দুইজনের ১০ দিনেও খোঁজ মেলেনি। অপহূতরা হচ্ছে টেকনাফ পৌরসভা ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর জালিয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে নূর মোহাম্মদ ও তার শ্যালক একই এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে মো. সালমান। তারা কি জীবিত আছে, না মরে গেছে এ খবর জানে না পরিবার। আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাদেরকে অপহরণ করা হলেও প্রশাসন বিষয়টি জানে না। ২৬ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার লামার বাজার ব্রিজের উপর থেকে একটি কালো রঙের কার ও একটি মাইক্রোবাস যোগে ১০/১২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে দুইজনকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। ওইদিন রাতে অপহূত নূর মোহাম্মদের শাশুড়ী ও সালমানের মা গোল মেহের বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ডায়েরি করেন। অপহরণের দশদিন অতিবাহিত হলেও তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ পরিবারের।