নারায়ণগঞ্জে অপহরণের পর প্যানেল মেয়র, আইনজীবীসহ সাতজনকে হত্যার ঘটনার পলাতক আসামি সন্দেহে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে অভিযান চালিয়েছে পুলিশ। গত রবিবার রাত থেকে শুরু হওয়া এ অভিযান চলে গতকাল সোমবার বিকাল পর্যন্ত। অভিযান শেষে পুলিশ দুটি প্রাইভেটকার জব্দ করতে সক্ষম হলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।
জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, রাকুদিয়া গ্রামের মনির হোসেন আকন দীর্ঘদিন থেকে নারায়ণগঞ্জে বসবাস করে আসছেন। গত রবিবার রাতে মনির ও তার নারায়ণগঞ্জের কয়েকজন বন্ধু মিলে দুটি প্রাইভেটকারযোগে রাকুদিয়ার গ্রামের বাড়িতে আসেন। সেভেন মার্ডারের সাথে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ওই বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশ ওই বাড়িতে আসার পূর্বেই মনির হোসেনসহ তার বন্ধুরা আত্মগোপন করে। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
