খুন অপহরণের দায় সরকার এড়াতে পারে না

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৫৫
গুম, হত্যা ও অপহরণের প্রতিবাদে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ আয়োজিত মানববন্ধনে দেশের বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, দেশ আজ সংকটময় অবস্থায় চলে গেছে। গুম হওয়া ব্যক্তির লাশ এখানে ওখানে পড়ে থাকে। একটা সভ্য দেশে এটা চলতে পারে না। এ বর্বর বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তারা সরকারের উদ্দেশ্যে বলেন, গুম, খুন, অপহরণের দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকার এর দায়িত্ব এড়াতে পারে না। তাদের আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তারা প্রশ্ন রেখে বলেন, এভাবে চলতে থাকলে কি আপনারা আমাদের আস্থায় থাকবেন? আস্থা হারালে আপনাদের প্রভাব-প্রতিপত্তি কিন্তু কিছুই থাকবে না। গতকাল সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, মানবাধিকার কর্মী খুশী কবির, এডভোকেট সালমা আলী, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে এম হাফিজউদ্দিন খান বলেন, অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত হূদয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। অপহরণ হওয়া ব্যক্তির লাশ এখানে ওখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে। একটা সভ্য দেশে এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। যেন আর কেউ সন্তানহারা না হন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন বিভিন্ন সংস্থা শক্তিশালী হয়। তাই আমাদের র্যাব জাতীয় সংস্থার প্রয়োজন নেই। শাহদীন মালিক বলেন, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আমাদের যে প্রত্যাশা তা পূরণ হচ্ছে না। এ বর্বর বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। যারা গুম হচ্ছে তাদের অল্প কয়েকজনের লাশ আমরা পাচ্ছি। বাকিরা কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না। এটা এতো দুঃখজনক ও মর্মস্পর্শী যে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা কেন যে বর্বর জাতিতে পরিণত হচ্ছি তা বুঝতে পারছি না। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিটি মানুষের জীবন যদি গুম, খুনের আতঙ্কের মধ্যে থাকে তাহলে সে দেশের অর্থনীতি দাঁড়াতে পারে না। যে দেশ মধ্য আয়ের দেশ হতে চায়, সে দেশে হঠাত্ করে মানুষ গুম হতে পারে না। আর একটাও যেন গুম, হত্যা না হয় সরকারের কাছে তার নিশ্চয়তা চাচ্ছি। খুশী কবির বলেন, এদেশের নাগরিকদের বেঁচে থাকার নিশ্চয়তা নেই। আজ সারাদেশে গুম, খুন মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি। এসব ঘটনার সুষ্ঠ বিচার চাই। সালমা আলী বলেন, প্রতিনিয়ত গুম ও খুনের ঘটনায় আমাদের গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকার খর্ব হচ্ছে।