বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা হলে প্রথমে মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসবেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দু’দেশের সম্পর্ক অটুট হয়েছে। এ সম্পর্ক ও মৈত্রী বৃদ্ধি করা ছাড়া আর কোন বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশ উন্নয়ন করছে উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকার চায় বিশ্বের বুকে বাংলদেশও উন্নয়নশীল দেশ হোক।
সোমবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জিরো পয়েন্টে বিজয় স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত ভারত সরকারের সহায়তায় স্থাপিত ৪০০ গভীর নলকূপের পানি সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় তিনি সাপাহারে স্থলবন্দর স্থাপন, দু’দেশের সীমান্তের সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন। এর আগে সকালে ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ চক্রবর্তী পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
