অপরাধী গ্রেপ্তার করতে যেয়ে এবার মজার ও ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন যুক্তরাজ্যের এক পুলিশ কর্মকর্তা। নটিংহ্যামশায়ারে এক হামলার অপরাধে অপরাধী এক ব্যক্তিকে গ্রেফতার করে যখন ওই পুলিশ অফিসার গাড়িতে উঠতে যাবেন তখনই তিনি আবিষ্কার করেন যে একটু আগে তিনি নিজেই ভুলবশত গাড়ির পেছনের অংশে চাবিটি রেখে ডালা বন্ধ করে দিয়েছেন। অগত্যা হাতকড়া পড়ানো ওই অপরাধীকে থানায় নিয়ে যাওয়ার জন্য খোদ অপরাধীর মায়েরই সাহায্য নিতে বাধ্য হন ওই পুলিশ অফিসার। যেথানে এই ঘটনার কিছুক্ষণ আগেও তার ছেলেকে গ্রেফতার করা নিয়ে মায়ের কাছ থেকে বৈরিতার মুখোমুখি হতে হয়েছিল পুলিশকে সেখানে অপরাধের প্রমাণ পেয়ে ওই মা-ই তার ছেলেসহ ওই পুলিশ অফিসারকে থানায় পৌঁছে দিয়ে আসেন। আর সাহসী এই মা যখন তার ছেলে ও পুলিশ অফিসারকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন তার উদ্যোগকে স্বাগত জানান এলাকার অন্যান্য অধিবাসীরাও। সম্প্রতি স্থানীয় পুলিশ বিভাগের একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়া এই ঘটনার বিবরণে জানা যায়, সেদিন ওই অপরাধীর শোবার ঘর থেকে অপরাধের কিছু আলামত সংগ্রহের পর সেগুলো নিজের গাড়ির পেছনের দিকে সাবধানে তুলে রাখেন ওই পুলিশ অফিসার। তবে এই আলামতগুলো রাখার পর তাড়াহুরো করে গাড়ির পেছনের ডালা বন্ধ করতে যেয়েই বাধে বিপত্তি। ভুলে গাড়ির চাবি পেছনের অংশে রেখেই ঢাকনা বন্ধ করে দেন তিনি। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়েই পুনরায় ওই অভিযুক্তের বাড়িতে যেয়ে তার মায়ের কাছে থানায় ফিরে যাওয়ার জন্য সাহায্য চান পুলিশ অফিসার। আর এভাবে অভিযুক্তের মায়ের ভক্সহল করসা গাড়িতে করেই হাতকড়া পর ছেলেকে নিয়ে থানায় পৌঁছান স্থানীয় পুলিশের ওই সদস্য।
