থাইল্যান্ডের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এক বৃদ্ধ মহিলার মৃত্যু ও ২৩ জন আহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। প্রথম দফা ভূমিকম্পের পর পর্যটকদের কাছে জনপ্রিয় পার্বত্য অঞ্চলে দফায় দফায় ভূমিকম্পে বারবার কেঁপে উঠে।
মঙ্গলবার ব্যাংকক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা জানান, সোমবার বিকালে শক্তিশালী ভূমিকম্পে বাড়ি ধসে পড়ায় ৮৩ বছর বয়সী ওই বৃদ্ধা মারা যান।
বিস্তারিত উল্লে¬খ না করে ওই কর্মকর্তা বলেন, ‘ভূমিকম্পের কারণে পৃথক ঘটনায় আরো ২৩ জন আহত হয়।’
ভূ-তাত্ত্বিকরা জানান, ভূ-পৃষ্ঠের মাত্র ৭ দশমিক ৪ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল চিয়াং রাই প্রদেশের প্রত্যন্ত ফন এলাকায়। ভূমিকম্প ব্যাংককের দক্ষিণাঞ্চল ও এমন কি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনে অনুভূত হয়। আবহাওয়া বিভাগ জানায়, সোমবার সন্ধ্যায় প্রথম দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে প্রায় ১২ বার ভূকম্পন অনুভূত হয়।
