গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি ৮১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে রতনপুর স্টিলস রি-রোলিং মিলসকে (আরএসআরএম) পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের ৫১৬তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে প্রতিটি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়াম নিবে কোম্পানিটি। অর্থাত্ আইপিওর প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৪০ টাকা। আরএসআরএম পুঁজিবাজারে ২ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে চলতি মূলধন অর্থায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যয়ে ব্যয় করা হবে। ২০১৩ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আরএসআরএমের শেয়ারপ্রতি আয় ৪ দশমিক ৫৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৫৩ দশমিক ৬৯ টাকা।
কমিশন সভায় সিটি ব্যাংকের বন্ড অনুমোদন দেয়া হয়েছে। পরিশোধিত মূলধন বাড়াতে পুঁজিবাজারে ৩০০ কোটি টাকার নন কনভার্টিবল কুপন বেয়ারিং সাব অর্ডিনেটেড বন্ড ছাড়বে। যার মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৬ বছর। বন্ডের বিপরীতে ব্যাংকের নিজস্ব অথবা অন্য সব ব্যাংকের ৬ মাসের গড় আমানত হারের মধ্যে যেটি বেশি তার উপর আড়াই শতাংশ হারে বার্ষিক কুপন প্রদান করা হবে। ব্যাংকের বর্তমান শেয়ারহোল্ডার ছাড়া প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড বিক্রি করে পুঁজি উত্তোলন করতে পারবে ব্যাংকটি। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকটি ব্যাসেল টু অনুযায়ী মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণ করবে। প্রতি ইউনিট বন্ডের মূল্য হবে ১০ লাখ টাকা।
