৪৩ বছর পর অবৈধ দখলমুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আদালতে দীর্ঘ দিনের আইনি লড়াই শেষে ধানমন্ডিতে দার্শনিক ড. জি সি দেবের উইলকৃত বাড়িটি পুনরুদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১২ সালের ১৪ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘ড. জিসি দেবের বাড়ি উদ্ধার হলো না ৪১ বছরেও’ শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ঐ প্রতিবেদন প্রকাশের পর এ সম্পত্তি সংক্রান্ত মামলা গতি পায়।
গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের রায়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্পত্তি পুনরুদ্ধার করে। দীর্ঘ শুনানি শেষে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা ৪র্থ যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক আবু তাহের এই সংক্রান্ত মামলার রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রদান করেন।
ড. জিসি দেবকে ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে গুলি করে হত্যা করে পাকিস্তানের সেনাবাহিনী। অকৃতদার জিসি দেবের দত্তক ছেলে ছিলেন জ্যোতি প্রকাশ দত্ত এবং দত্তক মেয়ে ছিলেন বেগম রোকেয়া সুলতানা। যুদ্ধের আগে ১৯৭০ সালে জি সি দেব আমেরিকায় যাওয়ার পূর্বে একটি উইল করে যান। ঐ বছরের ১৬ সেপ্টেম্বর করা ঐ উইলের চার এবং পাঁচ নম্বর ধারায় জিসি দেব উল্লেখ করেন, “পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) আমার যে সমস্ত সম্পত্তি আছে তার অর্ধেক ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে। আর এই সমস্ত সম্পত্তির বাকী অর্ধেক জ্যোতি প্রকাশ দত্ত এবং রোকেয়ার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে।”
১৯৭৭ সালে আদালত বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি রায় দিলেও তখন ধানমন্ডির বাড়ি নং ৬১, সড়ক ৪/এ (নতুন) বাড়িটির দখল নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বাড়িটি বুঝে নেয়ার জন্য অনেক বছর ধরে আইনী লড়াই চালিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
