বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুন করতে সরকারি দল ছাত্রলীগ-যুবলীগ ছাড়াও র্যাব-পুলিশকে ঘাতক বাহিনীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দেশব্যাপী অব্যাহতভাবে বিরোধী নেতা-কর্মীদের হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় এবং গুম করছে।
গতকাল এক বিবৃতিতে গাড়ি চালকসহ সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ৪ মে কেন্দ্র ঘোষিত গণঅনশন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মেট্রো:ঘ-২৭-৪৬৯৮ নং গাড়িসহ বিএনপি নেতা মুজিবুর চালকসহ নিখোঁজ হন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করে আওয়ামী লীগ নিজেদের রক্ষা করতে পারবে না। তাদের ক্ষমতাবিলাস চরম পরিণতি বরণ করবে। সব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে এদেশের সংগ্রামী জনতা এখন ঐক্যবদ্ধ। অচিরেই উচ্ছৃঙ্খল, বেপরোয়া অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীকে উত্খাত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবে।
বিবৃতিতে ফখরুল অবিলম্বে নিখোঁজ মুজিবুর রহমানসহ তার গাড়ি চালককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয়ার জোর দাবি জানান। পাশাপাশি তিনি কক্সবাজার জেলার বিএনপি নেতা হাজী মো. সৈয়দকে আওয়ামী সন্ত্রাসীরা পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ করে এর নিন্দা এবং দায়ীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
