রাহুলের দুর্গ দখল করতে পারবেন স্মৃতি?

আপডেট : ০৬ মে ২০১৪, ২৩:২১
ভারতের চলতি লোকসভা নির্বাচনের অষ্টম পর্বের ভোটগ্রহণ হবে আজ বুধবার। আজ যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে আমেথি আসনে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং তার বিজেপি প্রতিদ্বন্দ্বি স্মৃতি ইরানি অন্যতম। রাহুলের এই ‘দুর্গ’ দখল করতে বিজেপি সর্বশক্তি খরচ করেছে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ভোটারদের কাছে ‘ভোটভিক্ষা’ চেয়েছেন। রাহুলের প্রতিদ্বন্দ্বি স্মৃতি ইরানি জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি তারকা। নারীদের মধ্যে তার বিপুল জনপ্রিয়তা। একারণে রাহুল-নাকি স্মৃতি, কে জিতবেন আমেথি আসনে তা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা। আজ ৭টি রাজ্যের ৬৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোটের প্রচারণা সোমবার সন্ধ্যায় হয়। এসব আসনের মধ্যে রয়েছে অন্ধ্র প্রদেশে ২৫টি, বিহারে ৭টি, হিমাচল প্রদেশে ৪টি, জম্মু ও কাশ্মীরে ২, উত্তর প্রদেশে ১৫টি, উত্তরাখন্ডে ৫টি এবং পশ্চিমবঙ্গে ৬টি। এছাড়া একই দিন অন্ধ্রপ্রদেশের সীমান্ধ্র অঞ্চলে বিধানসভার ১৭৫টি আসনেও ভোট গ্রহণ হবে। আজ সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বিহারের মাওবাদী অধ্যুষিত কিছু এলাকায় ভোটগ্রহণ বিকেল চারটার মধ্যে শেষ হবে।