এবার ফেসবুকে এইচএসসি’র প্রশ্ন ফাঁস!

আপডেট : ০৭ মে ২০১৪, ০০:১০
গতকাল মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন গত রবিবার ফেসবুকের মাধ্যমে ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফাঁসকৃত ওই প্রশ্নেই গতকাল পরীক্ষা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টরা জানান, শনিবার গভীর রাতে ‘ভূত শরীফ’ নামের একজন হিসাব বিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন ফেসবুকে ছেড়ে দেয়। প্রশ্ন পেতে রবিবার সকাল হতে কম্পিউটার ও ফটোকপির দোকানগুলোতে ছাত্র-ছাত্রীরা ভিড় করে। ফেসবুকে ছেড়ে দেয়া প্রশ্নের প্রতিটি অংকের সাথে ‘বিক্রয়ের জন্য নয়’ এবং ‘মানুষ মানুষের জন্য’ লেখা ছিল। প্রশ্ন দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করেনি। তবে যারা হিসাব বিজ্ঞান ১ম পত্রের প্রশ্ন ‘ভূত শরীফে’র নিকট হতে পেয়েছিল তারা সবই কমন পেয়েছিল বলে অন্যদের আশ্বস্ত করে। পরে এই প্রশ্ন সমাধানের জন্য বিভিন্ন শিক্ষক ও বড় ভাইদের কাছে ছাত্র-ছাত্রীদের দৌড়ঝাঁপ করতে দেখা যায়। ফেসবুকে ফাঁস হওয়া ওই প্রশ্নের একটি কপি রবিবার এই সংবাদদাতার হস্তগত হয়। মঙ্গলবার পরীক্ষার পর মূল প্রশ্নের সাথে মিলিয়ে ফেসবুকে প্রচারিত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। এ ব্যাপারে কয়েকজন পরীক্ষার্থী জানান, দিনরাত কষ্ট করে পড়ে আর কি হবে ? এ যাবত্ অনুষ্ঠিত বেশীরভাগ পরীক্ষার প্রশ্নই ফেসবুকে পাওয়া গেছে। যে কারণে পরীক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে দিয়ে ফেসবুকের জন্য অপেক্ষায় থাকছে।