বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বলেছেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন রাশিয়া সমর্থন করে। বেইজিং, নয়াদিল্লী ও মস্কোর সরকার এ বিষয়ে অভিন্ন অবস্থান নিয়েছে। কোন দেশের উপর বিশেষ করে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের উপর কোন কিছু চাপিয়ে না দেয়ার ব্যাপারে তিন দেশের যথেষ্ঠ রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে। নতুন নির্বাচন কবে হবে তা বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। পাঁচ দিন, পাঁচ মাস বা পাঁচ বছর আর নির্বাচন হবে কীনা তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
রুশ রাষ্ট্রদূত গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে একথা বলেন। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাঈনুল আলম। সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলেকজান্ডার নিকোলায়েভ বলেন, বাংলাদেশে পরমাণু বিদ্যুত্ নির্মাণে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এ সংক্রান্ত সব চুক্তি অব্যাহত রাখবে। বাংলাদেশ প্রস্তাব দিলে আরো একটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে রাশিয়া সহায়তা দিতে আগ্রহী। তিনি আরো বলেন, রাশিয়া নির্মিত পরমাণু বিদ্যুত্ কেন্দ্র জাপানের ফুকু সিমার কেন্দ্রগুলোর চেয়ে কয়েকগুণ বেশি নিরাপদ ও ভূমিকম্প সহনীয়। ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে।
রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতা সবসময়ই সমন্বিতভাবে বেড়ে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও ইস্যুতে দুই দেশ অনেক সময় অভিন্ন অবস্থান নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে সবসময়ই রুশ সমর্থন ছিল। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি ও সামরিক ক্ষেত্রে দু’দেশের ফলপ্রসূ সহযোগিতা রয়েছে। বিদ্যুত্ ও জ্বালানি ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যও বছরওয়ারি বাড়ছে। ২০১২ সালে এর পরিমাণ ছিল ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। রুশ প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরের বছর বাণিজ্য হয়েছে ৮৩৫ মিলিয়ন ডলার। ২০১৪ সালে তা হবে এক বিলিয়ন ডলার। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রেও সহায়তা বেড়ে চলেছে।
