বাংলাদেশে প্রধান বিরোধী দল ও সরকারের মধ্যে বিদ্যমান উত্তেজনার অবসান চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশে সহিংসতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে সরকারকে জানাবে দেশটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র মেরি হার্ফ এ কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মেরি হার্ফ বলেন, বাংলাদেশসহ সর্বত্র আমরা মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করি। এই ইস্যু নিয়ে আমরা বাংলাদেশের সরকার, বিরোধী দল ও সুশীল সমাজের সঙ্গে সব সময় আলোচনা চালিয়ে আসছি। কারণ মতপ্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেকেরই। যেখানেই গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে পড়ে সেখানেই আমরা স্পষ্টভাবে বিরোধিতা করি। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। সহিংসতা নিয়েও আমাদের অবস্থান একই। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছি। সহিংসতা নিয়েও সরকারের সঙ্গে কথা বলেছি। এসব ইস্যুতে উদ্বেগের কথা অব্যাহতভাবে সরকারকে জানাবো।
অপর এক প্রশ্নের জবাবে মার্কিন ওই কর্মকর্তা বলেন, দু’পক্ষের মধ্যে উত্তেজনার অবসান হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক এটা আমরা সবসময় চাই।
