গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতন মামলায় পুলিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল দেলোয়ার মুন্সীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার মুকসুদপুর থানা পুলিশ তাকে কমলাপুর গ্রাম থেকে গ্রেফতার করে।
ধর্ষিত গৃহবধূ জানান, ৩০ এপ্রিল গভীর রাতে দেলোয়ার মুন্সী তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পর গৃহবধূ গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানে চিকিত্সাধীন। ঘটনায় গোপালগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন দায়ের করেন। বিচারক মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানার ওসিকে সোমবার নির্দেশ দেন। ওসি সোমবার রাতেই ধর্ষণ মামলা দায়ের করে মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেফতার করে। গৃহবধূ অভিযোগে জানান, ২ মাস আগেও দেলোয়ার তাকে জোর করে ধর্ষণ করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে গেলে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার তাকে মারপিট কর। পরে স্থানীয়রা মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়। লম্পট প্রকৃতির দেলোয়ার এলাকার আরো অনেক নারীর সর্বনাশ করেছে বলেও তিনি জানান। মামলা তুলে নিতে বাদিনীকে প্রভাবশালী আসামিপক্ষের লোকজন হুমকি দিচ্ছে বলে ধর্ষিতা জানান।
ইয়াবা ও গাঁজাসহ ভারপ্রাপ্ত
ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফায়েত শেখসহ ৭ জনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারতলা ও কোটালীপাড়া উপজেলার উত্তর চিশতী গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ নবী শেখ, হামিম খান, মামুন ফকির ও বীথি কীর্ত্তনিয়াকে আটক করে পুলিশ। মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে।
