চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরীর চট্টেশ্বরী মোড় এলাকা থেকে মেহেদিবাগের মোড় পাহাড় পর্যন্ত ৫০টিরও বেশি ভবনের নকশা বহির্ভূত অংশ আগামী ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এ সময় একটি ঝুঁকিপূর্ণ ভবনও চিহ্নিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার চউক এর দু’জন প্রকৌশলীর নেতৃত্বে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ টিম মেহেদিবাগ সড়কের যেসব স্থানে নকশা বহির্ভূত স্থাপনার অংশ মূল সড়কের উপর এসেছে সেগুলোর কিছু কিছু অংশ ভেঙে ফেলেছে। বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভাঙার কাজ চলে।
চট্টেশ্বরী থেকে গোল পাহাড় পর্যন্ত মেহেদিবাগ সড়ককে বর্তমান ৪০ ফুট থেকে ৬০ ফুট প্রশস্ত করার লক্ষ্যে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার এই উদ্যোগ নেয়া হয়েছে বলে চউক সূত্র জানায়।
গতকালের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন চউক এর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান এবং অথরাইজড অফিসার-২ প্রকৌশলী মোহাম্মদ শামিম। মোহাম্মদ শামিম ইত্তেফাককে বলেন, উল্লেখিত এলাকার চিহ্নিত বিভিন্ন ভবনের নকশা বহির্ভূত অংশ আগামী ২১ মে’র মধ্যে তাদের নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
