সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি

১০ মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ০৭ মে ২০১৪, ০০:১৫
সোনালী ব্যাংক থেকে তিন প্রতিষ্ঠানের ১৮ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ১০টি মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেয়া হয়। এ চার্জশিটে সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তা ও দুর্নীতির সহযোগী তিন প্রতিষ্ঠানের ১০ জন শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে। দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১ জানুয়ারি সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে প্রায় ৩৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথকভাবে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৭টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে ১০ মামলার চার্জশিট গতকাল অনুমোদন করা হয়। আরো ১৭ মামলার চার্জশিট দুই-এক দিনের মধ্যে অনুমোদন করা হবে বলে দুদক সূত্র জানায়।