বাংলাদেশে লাক্সের ৫০ বছর পূর্ণ হলো এ বছরই। সেই সাথে শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪। এই দুই উপলক্ষকে কেন্দ্র করে গত বরিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকাখচিত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজন নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
সুন্দরী প্রতিযোগিতার মধ্যে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ই সবচেয়ে বেশি শক্ত অবস্থানে—এমনটাই ভাবনা মিডিয়া সংশ্লিষ্টদের। তবে এটা এখন আর ভাবনার গণ্ডিতে আবদ্ধ নেই এটি, বরং অনেক বেশি সত্য এবং পরীক্ষিত। বাংলাদেশের মিডিয়া অঙ্গনে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ উপহার দিয়েছে এমন কিছু প্রতিভা যারা প্রত্যেকেই স্ব-মহিমায় উজ্জ্বল করেছেন মিডিয়া জগতকে। ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় মজবুত প্ল্যাটফর্ম এই কারণে যে, এখানে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি সুযোগ পাওয়া যায় মিডিয়া জগতে অবাধ বিচরণের। শুরু থেকে এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসা প্রতিযোগীরা তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। বরাবরের মতো ঐতিহ্য ধরে রেখে দেশের আগামী দিনের সুপারস্টারের খোঁজে আবারও শুরু হলো লাক্স-চ্যানেল আই সুপারস্টার। বহুদিন ধরেই লাক্স বাংলাদেশের সাথে সারা বিশ্বের নারীদের তাদের প্রতিভা ও সৌন্দর্য বিকাশের সুযোগ করে দিয়ে আসছে। বাংলাদেশে লাক্সের পঞ্চাশ বছর পূর্তি এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ উপলক্ষে গত বরিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকাখচিত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ১৯৬৪ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত লাক্সের সাথে সংশ্লিষ্ট অনেক তারকা, খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব এবং ফ্যাশন ও গ্ল্যামার জগতের বহু নামকরা ব্যক্তিত্বের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠান। গত পাঁচ দশকে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সশরীরে উপস্থিতি এই আয়োজনের আকর্ষণ ও সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণে। উপস্থিত লাক্স তারকারা হলেন—নূতন, শামীম আরা নীপা, পপি, আফসানা মিমি, অপি করিম, ঈশিতা, কুসুম সিকদার এবং মেহ্জাবীন। এরপর গত ৫০ বছর ধরে বাংলাদেশে লাক্সের যে মহিমান্বিত এগিয়ে চলা, তা ধরে রাখতে এবং লাক্সের সাথে জড়িত প্রতিটি সুন্দর মুখকে ও অনন্য প্রতিভাকে শ্রদ্ধা জানাতে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘লাক্স বুক অব বিউটি অ্যান্ড গ্ল্যামার’-এর মোড়ক উন্মোচন করেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কামরান বাকার এবং এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ চেয়ারম্যান এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের। লাক্সের এই পঞ্চাশ বছরের পথচলায় অন্যতম একটি অংশ হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টার। ২০০৫ থেকে শুরু করে ২০১২ পর্যন্ত লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ীদের মধ্যে শানু, মম, মীম ও মেহজাবিনের উপস্থিতিতে আরও অনন্য হয়ে ওঠে এই আয়োজন। আয়োজনের এ অংশে একটি ফ্যাশন শো এবং ড্যান্স পারফর্মেন্স নিয়ে দর্শকদের মাতিয়ে দেন নানা বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টাররা। যে রূপসীর মধ্যে আছে অনন্য রূপের ঝলক, সপ্রতিভ উপস্থিতি আর নজরকাড়া ব্যক্তিত্ব, তাকে খুঁজে নিতেই শুরু হয়েছে এবারের সৌন্দর্যের লড়াই, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪ । আর এবারের বিজয়ী হবেন বাংলাদেশের নতুন ফেস অব লাক্স আর সাথে পাবেন একটি ব্র্যান্ড নিউ কার। এ বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের আয়োজন সম্পর্কে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর-পার্সোনাল কেয়ার জাভেদ আক্তার। অনুষ্ঠানে লাক্সস্টাররা ছাড়াও এলিটা, কনা, তাহসানের মতো কণ্ঠশিল্পী, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস, অভিনেত্রী দীপা খন্দকার, তারিন, সুইটি ও শারমিন শীলা এবং ফ্যাশন ডিজাইনার মাহিন খান, বিপ্লব সাহা, এমদাদুল হক মিলনের মতো আরও অনেক চোখ ধাঁধানো তারকার উপস্থিতিতে আরও প্রাণবন্ত ও গ্ল্যামারাস হয়ে ওঠে আয়োজনটি। এবারও লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এর মাধ্যমে আরও একজন নতুন সুন্দরীর খোঁজ পাবে বাংলাদেশ এবং তার আলোয় নতুন করে আলোকিত হবে মিডিয়া—এমনই আশা ব্যক্ত করেছেন এই আয়োজনে উপস্থিত সবাই।
এই প্রতিযোগিতায় কমপক্ষে ১৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশি মেয়ে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে কল করুন :০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ অথবা লগ-ইন করুন www.luxstarsandbeauty.com অথবা http://www.facebook.com/LuxBangladesh-এ।
