মা দিবসে বিশেষ সম্মাননা পাচ্ছেন ফেরদৌসের মা
একজন গর্বিত মা হিসেবে আসছে মা দিবসে বিশেষ সম্মানায় ভূষিত হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসের গর্ভধারিণী মা আছিয়া আশরাফ। আসছে মা দিবসে তিনি বিশেষ এই সম্মাননা গ্রহণ করবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, ভারতের পদ্মভূষণ পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামানের হাত থেকে। ঢাকার মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগেই মূলত চিত্রনায়ক ফেরদৌসের মাকে মা দিবসে ‘বিশেষ সম্মাননা’ দেওয়া হচ্ছে। চিত্রনায়ক ফেরদৌসের মা বলেন, ‘নিজের সন্তানের সাফল্যে বিশেষ সম্মাননায় ভূষিত হওয়া এটা যে কত আনন্দের বলে বুঝাতে পারব না। আজ ফেরদৌসের বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আমি আয়েশা মেমোরিয়াল হসপিটালের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সেইসাথে আমার আদরের সন্তান ফেরদৌসের জন্য সবার কাছে দোয়া চাই।’
আবারও
রবীন্দ্রগল্পের নায়িকা
মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ আবারও রবীন্দ্রগল্পের নায়িকা হলেন। এবার দর্শকরা তাকে দেখতে পাবেন রবি ঠাকুরের ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের মেহজাবীন চরিত্রে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ক্ষুধিত পাষাণ’ শিরোনামের একখণ্ডের নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়া মৌয়ের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন পরিচালক নিজেই। এই নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে মৌ বলেন, ‘রবি ঠাকুরের গল্পের মেহজাবীন চরিত্র সত্যিই মজার। এতে অভিনয়ের বেশ সুযোগও রয়েছে। এরকম ভালো একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। আশা করছি দর্শকদের নাটকটি ভালোই লাগবে।’ ‘ক্ষুধিত পাষাণ’ নাটকটি রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক হিসেবে আজ রাত নয়টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
সাফল্যের পথে
রুপালি পর্দায় ববির পথচলা খুব বেশি দিনের নয়। তবে ভালো অভিনয়ের মাধ্যমে স্বল্প সময়েই আলোচনার এসেছেন বারবার। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার পাঁচটি ছবি। বর্তমানে শুটিং করছেন আরও কয়েকটি নতুন ছবির। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ :দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক। এরপর মুক্তি পায় ‘দেহরক্ষী’। এ ছবিটিও দর্শকমহলে প্রশংসা অর্জন করে। পরে ববির ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ততটা আলোড়ন সৃষ্টি করতে না পারলেও ‘রাজত্ব’ দিয়ে তিনি আবার আলোচনায় আসেন। মাঝে শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও দর্শকের মন কাড়েন। বর্তমানে অভিনয় করছেন ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান-ওয়ে’, শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’, বদিউল আলম খোকনের ‘হিরো :দ্য সুপারস্টার’ ও মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’। নিজের ক্যারিয়ার ভাবনা প্রসঙ্গে ববি বলেন, ‘এখন চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। আমার অভিনীত পাঁচটি ছবিই ব্যবসাসফল হয়েছে। আশা করি, আগামী ছবিগুলোও প্রত্যাশিত সফলতা অর্জন করবে।’
