ডিসকাউন্ট ইমরান

আপডেট : ০৭ মে ২০১৪, ১৯:৩৬
ভালোবেসে প্রিয় মানুষের কাছে নিজেকে সমর্পণ করার গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ডিসকাউন্ট ইমরান’। এই নাটকে জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান ও লাক্সতারকা আজমেরী হক বাঁধন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন অজেয় চৌধুরী ইমরান একটি কোম্পানিতে ভালো মানের চাকরি করে। আরও দু’জনের সাথে শেয়ার করে সে একটি ফ্ল্যাট বাড়ির মেসে থাকে। এ ফ্ল্যাটের একজন নজরুল, বয়সে এই তরুণ পেশায় চাকরিজীবী, যদিও কয়েক মাস ধরে বেকার। অনেকটাই সাদামাটা জীবনযাপন তার। টিভিতে ক্রিকেট খেলা দেখাই তার একমাত্র শখ। অন্যজনের নাম সুম্মান খান, চলচ্চিত্রের উঠতি নায়ক। এখন পর্যন্ত কোনো সিনেমায় অভিনয় না করলেও সে বলে বেড়ায় তার হাতে ডজন খানেক ছবি রয়েছে এবং প্রতি সপ্তাহেই তার শুটিং থাকে। যেকোনো মেয়ে দেখলেই সে নায়িকা হওয়ার প্রস্তাব দেয়। এদের মধ্যে কেউ রাজি হলে তাদেরকে মাঝে মাঝে প্রযোজকদের কাছেও নিয়ে যায়। ইমরান ও নজরুলকে পৃথক পৃথকভাবে সুম্মান বলে সে নায়িকাদের সাথে দেখা করিয়ে দেবে, ছবি তুলিয়ে দেবে, গল্প করার সময় করে দেবে—এমন সব মিথ্যা কথার ফন্দি করে টাকা ধার নেয় কিন্তু সময় মতো ফেরত দেয় না। নজরুলও ইমরানকে নানাভাবে ঠকিয়ে যায়। ইমরান এ দু’জনের উপরই যথেষ্ট বিরক্ত। কারণ তারা ঠিকমতো ফ্ল্যাট ভাড়া ও বাজার খরচ দেয় না। তার উপর আবার ইমরানের রয়েছে সবকিছুতেই ডিসকাউন্ট খোঁজার বাতিক। জামা-কাপড়-জুতা কেনা থেকে শুরু করে রেস্টুরেন্টে খাবার খেতে গেলেও ডিসকাউন্ট খুঁজে সে। আর মুদি দোকানে গেলে আগে থেকেই জিজ্ঞেস করে নেয় কোন কোন পণ্যে বারতি ডিসকাউন্ট রয়েছে। ইমরানের এই অতি কৃপণ মনোভাব ও সবসময় ডিসকাউন্ট খোঁজার জন্য আড়ালে তাকে সবাই ‘ডিসকাউন্ট ইমরান’ বলে ডাকে। এরপর ঘটে বিচিত্র সব ঘটনা। রুদ্র মাহফুজের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এই নাটকে নিজের চরিত্র সম্পর্কে আমিন খান বলেন, ‘এই নাটকটির নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। আমার চরিত্রটির মাঝে বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনা রয়েছে। ইমরান সবসময়ই ডিসকাউন্ট খোঁজে। এক কথায় বলা যায়, তার ধ্যানজ্ঞান সবকিছুতেই থাকে ডিসকাউন্ট। আমি যে অফিসে চাকরি করে সেখানে মৌ অর্থাত্ বাঁধনও চাকরি করে। অফিসের সবাই আমাকে নিয়ে বিদ্রূপ করলেও একপর্যায়ে বাঁধন আমার সরলতায় মুগ্ধ হয় এবং বাঁধনের সংস্পর্শে এসে আমি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখি। বদলে যেতে শুরু করি ডিসকাউন্ড শব্দের মানসিক ফাঁদ থেকে। নাটকটিতে হাসির মাধ্যমে জীবনের অন্তনির্হিত কিছু বোধের কথা বলা হয়েছে। নাটকটিতে আমার রুমমেট হিসেবে অভিনয় করেছেন তানভীর। তার চরিত্রের নাম সুম্মান খান।’ এদিকে নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ডিসকাউন্ট ইমরান নামটি শুনে নিশ্চয় বুঝতে পারছেন নাটকটি কমেডিনির্ভর, তবে আর আট-দশটা কমেডি নাটকের মতো নয়। হাসি-কান্না আর ভালোবাসার মোড়কে আমাদের নাগরিক জীবনে যে কত বিচিত্র চরিত্র রয়েছে তার কিছু দৃশ্যায়ন নাটকটিতে দেখা যাবে। আমিন খানের সাথে এটাই আমার প্রথম অভিনয়। অসম্ভব ভালো মনের মানুষ তিনি। সবসময়ই নাটকের সেটে কিছু না কিছু বলে সবাইকে হাসিয়েছেন। তার সার্বিক সহযোগিতা না পেলে হয়তো নাটকটিতে আমার যে চরিত্র তা সঠিকভাবে উপস্থাপন করতে পারতাম না। আমার দৃঢ় বিশ্বাস দর্শকদের নাটকটি ভালো লাগবে।’