অ্যালবাম

আপডেট : ০৭ মে ২০১৪, ১৯:৩৭
ওকে বাঁধিবি কে রে অগ্নিবীণা বাজারে নিয়ে এসেছে রবীন্দ্রসংগীতশিল্পী সোনালীর কণ্ঠে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘ওকে বাঁধিবি কে রে’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘চোখের আলোয়’, ‘ওকে বাঁধিবি কে রে’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আগুনের পরশমণি’, ‘জাগরণে যায় বিভাবরী’, ‘পুরোনো সেই দিনের কথা’, ‘আজ জ্যোত্স্নারাতে’, ‘আমার অভিমানের বদলে’, ‘আমার পথে পথে’ ইত্যাদি। সংগীতায়োজন করেছেন শহীদুল ইসলাম খোকন ও সংগীত পরিচালনা করেছেন এস ডি লাল। ভালো লাগা থেকেই সংগীতকে ভালোবাসা। তারই রেশ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সোনালীর এই প্রচেষ্টা। অ্যালবামে গানগুলো গ্রামীণফোন, রবি, সিটিসেল, এয়ারটেল, বাংলালিংকের গ্রাহকরা রিং ব্যাক টোন হিসেবে সেট করতে পারবেন। অনুরাগের মানুষ সম্পর্ক ক্রিয়েশনের ব্যানারে বাজারে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী রিংকুর নবম একক অ্যালবাম অনুরাগের মানুষ। মোট সাতটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে, গানগুলো হচ্ছে—‘অনুরাগের মানুষ’, ‘ও সাথি’, ‘ভুল বুঝে চলে যাও’, ‘গৌর মিলে না’, ‘পর মানুষ’, ‘মালা কার লাগিয়া গাঁথি’, ‘কালো কৃষ্ণ’। কথা ও সুর করেছেন শংকর দাস বাউল, আক্কাস দেওয়ান, রাজ্জাক দেওয়ান, মুকুন্দ দাস, আলেয়া ও অতনু তিয়াস। ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরের অন্যতম প্রতিযোগী মশিউর রহমান রিংকু বাংলা নববর্ষে প্রকাশ করেছেন বাউল গানের অ্যালবাম ‘অনুরাগের মানুষ’ এই অ্যালবামের সবক’টিই আদি লোকগান, গানগুলোর সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই, এই প্রসঙ্গে রিংকু বলেন, ‘আমার জন্ম হয়েছে লোকগান নিয়ে কাজ করার জন্য, বাংলা লোকগানের ভাণ্ডার খুব সমৃদ্ধ, তা কখনও শেষ হওয়ার নয়, তাই আমি লোকগান নিয়ে থাকতে চাই।’ এই শিল্পী আদি নামের একটি ব্যান্ড করেছেন, খুব শীঘ্রই ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করবেন বলে জানান তিনি।