বিপুল জনসমর্থন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে: মোদি

আপডেট : ২৫ মে ২০১৯, ২০:৪০

গত ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের চুড়ান্ত ফল ঘোষণা দ্বিতীয়বারের মতো দেশটির সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। শনিবার সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত হন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের সকল শরিক দল। এখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয় নরেন্দ্র মোদিকে।

এ সময় দলের এই বিশাল জয়ের পেছনে জনতার অসীম শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, 'এই বিপুল জনসমর্থন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কোনও বিশেষ জাতি বা বর্ণ আমাকে জেতায়নি। আমাকে জিতিয়েছে দেশের জনতা। জনতা জনার্দ্দনই ঈশ্বরের রূপ, তা এই নির্বাচনে অনুভব করলাম। স্বাধীনতার পর এই প্রথম এত বেশি ভোট পড়েছে। এই দেশ পরিশ্রমের, আত্মমর্যাদার পুজো করে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, রক্ষা করা আমাদের দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'মহাত্মা গাঁধী, দীনদয়াল উপাধ্যায় এবং রামমনোহর লোহিয়া, এঁদের আদর্শে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। এনডিএ এখন একটা বিশ্বাসযোগ্য আন্দোলনের নাম।  অনেক নতুন সঙ্গী আছেন। মিথ্যাবাদীদের হাত থেকে আপনাদের সচেতন করা আমার দায়িত্ব। অহঙ্কার সরিয়ে রেখে কাজ করতে হবে। জাতীয় উচ্চাশা আর আঞ্চলিক প্রেরণা, এই দুই নিয়েই এগোতে হবে আমাদের। কোনও একটিকে উপেক্ষা করলে চলবে না। এটাই আমাদের নতুন স্লোগান।'

পাশাপাশি দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, 'দেশের সংখ্যালঘু মানুষের সঙ্গেও ছলনা করা হয়েছে। তাদের শিক্ষা দেওয়া হয়নি। কাল্পনিক ভয়ের বাতাবরণ তৈরি করে তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি দেশ থেকে ভেদাভেদ তুলে দেব। গরীব মানুষের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছিল। আমি এসে সেই সব কিছু বানচাল করে দিয়েছি। সরাসরি গরীব মানুষের হাতে টাকা তুলে দিয়েছি। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধিতা কোনও জায়গা করে নিতে পারেনি। এই নির্বাচন প্রতিষ্ঠানের পক্ষে রায় দিয়েছে। এই নির্বাচন ছিল ইতিবাচক, এই জনাদেশ সব অর্থেই ইতিবাচক। যদি কোনও ভুল হয়, তবে তা মেনে নিয়ে, শুধরে নিয়ে আগে চলতে হবে। সমতা আর মমতা, এই দুই লক্ষ্যেই কাজ করতে হবে। নির্বাচন বিভাজন তৈরি করে। শিবজ্ঞানে জীবসেবাই আমার লক্ষ্য।'

আরও পড়ুন:  এভারেস্ট জয়ে চলতি মৌসুমে মৃতের সংখ্যা ১০

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'র এই শীর্ষবৈঠকে হাজির ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা মুরলীমনোহর জোশী এবং লালকৃষ্ণ আডবাণী। হাজির জনতা দল (ইউনাইটেড) নেতা নীতীশকুমার, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সহ বিজেপি শরিক দলের শীর্ষনেতারাও। 

উল্লেখ্য,  ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে এবার দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। শপথ গ্রহণের আগে গুজরাট ও বারাণসী যাওয়ার কথা রয়েছে মোদি। আগামী ২৮ মে বারাণসী যাবার কথা রয়েছে তার। এর আগে লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ৫৪২ আসনের মধ্যে ৩৪২ আসনে এগিয়ে রয়েছে এই জোট। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। 

ইত্তেফাক/জেডএইচডি