গল্প নয় সত্যি

কাকতালীয়ই বটে

আপডেট : ০৭ মে ২০১৪, ১৯:৩৮
বিমান দূর্ঘটনার ঘটনা একেবারে নিয়মিত কোনো বিষয় না হলেও নানা সময়ে দূর্ঘটনার মুখে পড়া বিমানের সংখ্যা কম নয়। তবে এ ধরনের কোনো দূর্ঘটনায় বিমান নিয়ে মাটিতে আছড়ে পড়ার সময় নিজেরই বাড়ির ওপর সেটি আছড়ে ফেলা নেহাত কাকতালীয়ই বটে। আর এমনই এক ঘটনা ঘটিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে ঠাঁই করে নিয়েছেন প্রবীণ দমকলকর্মী ও সৌখিন বিমান চালক মি. ভেচ। সম্প্রতি আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের একটি মাঠে জরুরি অবতরণ করতে যেয়ে কাছের একটি বাড়ির ওপর আছড়ে পরে ভেচের হালকা বিমানটি। এ সময় বাড়িতে কেউ না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় বাড়িটি। এমনকি বিমানের জ্বালানী থেকে বাড়ির চারপাশে আগুনও ছড়িয়ে পরে। প্রথমটায় ঘটনার আকস্মিকতায় হতচকিত ভেচ সম্বিত ফিরে পেয়ে প্রথমেই কাছের বাগানে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন আরও ছড়িয়ে পড়ায় যখন তিনি খানিকটা দূরে সরে আসতে বাধ্য হন তখনই প্রথমবারের মতো বাড়িটার দিকে চোখ পড়ে তার। বুঝতে পারেন, এটা হলো সেই বাড়ি? যেটা আজ থেকে বছর দশেক আগে তারই মালিকানায় ছিল। বর্তমানে এই বাড়িটি বিক্রি করে মাইলখানেক দূরের একটি বাড়িতে থাকলেও ঘটনাচক্রে নিজের পুরোনো বাড়ির ওপর বিমান নিয়ে আছড়ে পড়াতে একটু বেশিই মর্মাহত হয়েছেন ভেচ। উল্লেখ্য, ঘটনার দিন একটি ইন্সুরেন্স কোম্পানির হয়ে স্থানীয় একটি বেসবল টুর্নামেন্টের মাঠের ওপর দিয়ে বিজ্ঞাপনী ব্যানার বহন করে উড়ে যাবার কথা ছিল ভেচের। তবে তার আগেই এই দূর্ঘটনায় পতিত হওয়ায় এখন হয়তো খোদ সেই ইন্সুরেন্সের কাছেও সহায়তা চাইতে পারেন ভেচ।