নদীর পাড়ে সুরের সন্ধ্যা

আপডেট : ০৭ মে ২০১৪, ১৯:৪২
জাহিদ আকবর আমাকে টানছে মাতাল নদী আমাকে ডাকছে সবুজ নিরাবধী... মাতাল নদী আর সবুজের হাতছানি উপেক্ষা করার সাধ্য কি কারো আছে? এই দুইয়ের টানেই ছুটে গেলাম নাগরিক যানজট মুখোশ যন্ত্রণা, কালো ধোঁয়া সবুজ বিলীন শহর ছেড়ে...। আহা! ভান্ডারিয়া, তোমার কাছে যাব বলে ছোট ছোট কত আয়োজন, প্রস্তুতি ইচ্ছা। তুমি আমাকে ডাক দিয়েছ না গিয়ে কি পারি। প্রিয়তমা তুমি আমার। সন্ধ্যার একটু আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে যখন অনেক ভিড় এড়িয়ে অগ্রদূত প্লাস লঞ্চে উঠেছি কেমন জানি অচেনাএকটা উত্তেজনা গ্রাস করছে একটু একটু করে। লঞ্চের প্রতিটি মানুষকে নতুন মনে হচ্ছে। দুচোখে বিস্ময়ের নীলচে মেঘ। বুড়িগঙ্গার দূষিত পানিতে সূর্যের শেষ আলোর চিহ্ন। উপরে অবারিত আকাশ। এরই মধ্যে সফরসঙ্গী বন্ধু তানভীর তারেক, পাভেলের ফটোসেশনের বর্ণিল ভঙ্গি। কখনও সখনও সেলফি তোলার চেষ্টা। বাদ যায়নি আমিও এই চেষ্টা থেকে। সারারাত নদীর বুকে শুয়ে দাঁড়িয়ে আধশোয়া হয়ে ভেসেছি, নদীকেও ভাসিয়েছি। বুড়িগঙ্গা, মেঘনা, পদ্মা, বিষখালী, কচা নদীর সাথে কথা হয়েছে, কত ভাব বিনিময়, চোখাচোখি নীরব কথোপকথন প্রেম। পরের দিন যখন ভান্ডারিয়ায়, তখন দুপুর। শরীরের একটু্ও ক্লান্তির ছাপ নাই কারো। অবারিত সবুজ দুচোখ ভাসিয়ে দিচ্ছিল। চারদিকে সবুজ গাছ আর গাছ। সবুজের প্রেমে পড়েছে দুচোখ! যতদূর চোখ যার সবুজের সামিয়ানা। ভান্ডারিয়ায় সেদিন উত্সব— উত্সব আলো। এখানে আজ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সংবর্ধনা। পোস্টারে পোস্টারে সয়লাব চারদিক। তাদের প্রাণের মানুষ তিনি। সন্ধ্যার পর সাংস্কৃতিক আয়োজনও রয়েছে। দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ, কাজী শুভ, শশী আর ঈগল ডান্স এর পরিবেশনা। পোস্টার সে খবর ছড়িয়ে পড়েছে। কখনও রিকসায়, বাইকে, কখন্ও আবার পায়ে হেঁটে ঘুরছি ভান্ডারিয়ার জনপদ। মজার বিষয়, এখানে বাইক ভাড়া পাওয়া যায়। বাইকচালক ২৫ টাকায় পৌঁছে দেন অনেক মাইল। প্রিয় নেতার সংবর্ধনা। মানুষের ভালবাসায় ভিজবেন তাদের নেতা।এমনি ভালোবাসায় ভিজে যাবেন আমৃত্যু ভিজেছেনও মানুষের ভালোবাসায়.... রাতে প্রিয় শিল্পীদের গানের জোয়ারে ভেসেছে ভান্ডারিয়া। শহরের সবখানে উত্সবের পূর্ণিমা। ফেরার দিনে যখন বাস ছেড়ে যাচ্ছিল মনের মধ্যে কত স্মৃতি ভর করেছিল, ভান্ডারিয়া, সংবর্ধনা, গান, আতিথিয়তা, মাতাল নদী সবুজের সামীয়ানা। মানুষের মুখ, কত কী। আবার দেখা হবে প্রিয়তমা ভান্ডারিয়া, বরিশাল, ভালো থেকে। লেখক :গীতিকার, সাংবাদিক