গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে : শিল্পমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০১৪, ২০:০৫
রানা প্লাজা দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে রেডিয়েন্ট ফ্যাশন হাউজের ৭ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। শিল্পমন্ত্রী রানা প্লাজার ঘটনাকে দুর্যোগ আখ্যা দিয়ে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেই প্রাকৃতিক দুর্যোগ হয়। যুক্তরাষ্ট্রেও হ্যারিকেন আঘাত হানে। অথচ রানা প্লাজার দুর্ঘটনাকে ইস্যু বানিয়ে সমৃদ্ধ এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ফলে এখন স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য কাজ-কর্ম করতে পারছি। পাকিস্তান আমলে বাঙালিদের কোনো চাকরিতো দূরের কথা খেলায়ও নেয়া হতো না। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপার্সন গুলশান নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআ্ই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী আবু আলম মো. শহীদ খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ আমিনুল করিম প্রমুখ। সমাবর্তন অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিল্পমন্ত্রী।